দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজার শহরের জাদী পাহাড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বইল্ল্যা পাড়া সংলগ্ন জাদী পাহাড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
নিহত সাইফুল ইসলাম কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাহাড়তলী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী জানান, দুর্বৃত্তদের সঙ্গে সাইফুলের পূর্বপরিচয় ছিল। রোববার সকাল ১০টার দিকে তারা সাইফুলকে ডেকে নিয়ে জাদী পাহাড়ে যায়। সেখানে তারা একসঙ্গে মদ পান করে।
একপর্যায়ে সাইফুলের সঙ্গে তাদের একজনের তর্কাতর্কি হয়। পরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়লে দুর্বৃত্তরা সাইফুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা জাদী পাহাড়ে রক্তাক্ত অবস্থায় সাইফুলকে পড়ে থাকতে দেখে তার স্বজনদের খবর দেন। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, স্থানীয়ভাবে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, সাইফুলের সঙ্গে দুর্বৃত্তদের মাদক লেনদেন ও মোটরসাইকেল কেনাবেচা নিয়ে পূর্ববিরোধ ছিল। ওই বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এমএস/